এক ঘণ্টার ব্যবধানে জাতীয় ঈদগাহের পাশে ২ মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর জাতীয় ঈদগাহের কাছাকাছি আলাদা দু’টি জায়গা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, আরেকজনের আনুমানিক বয়স ৪৫। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি, দু’জনেই পুরুষ। পুলিশের দাবি, তারা ভবঘুরে ছিলেন। শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ জাতীয় ঈদগাহ প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাথের উপর থেকে ও অপর জনের সুপ্রিম কোর্ট সংলগ্ন পানির পাম্পের পাশে শিক্ষা ভবনের বিপরীত পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাথে দু’জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে, দু’জনেই ভবঘুরে হতে পারেন। তারা ঈদগাহের আশপাশের ফুটপাথে থাকতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।