সৌদি জাহাজের জন্য লোহিত সাগরকে ‘নো-গো জোন’ বানালো হুতিরা

ফন্ট সাইজ:

সৌদি আরবকে সরাসরি হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুতি যোদ্ধাগোষ্ঠী। তাদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি জাহাজ ছাড়া লোহিত সাগরে অন্য সব জাহাজের চলাচল নিরাপদ। একইসঙ্গে ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইয়াহিয়া সারি বলেন, সৌদি জাহাজের ওপর হুতিদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে অন্যান্য বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে নিরাপদে চলাচল করতে পারবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছে বলে হুতিরা দাবি করছে, তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়ানো হবে। হুতিদের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা সামরিক অগ্রগতি অর্জন করেছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে হুতিরা বাব আল-মান্দেবের কাছে বেশ কয়েকটি কৌশলগত অবস্থান দখল করেছে। এর মধ্যে রয়েছে পেরিম দ্বীপ এবং উপকূলীয় শহর ধুবাব। এর ফলে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।