রেকর্ড গড়া অভিষেকের পর পাসপোর্ট রহস্য নিয়ে মুখ খুললেন রাজাউল্লাহ

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ বলে ৮১ রানের এক বিস্ময়কর ও ঝড়ো ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের তরুণ পেসার রাজাউল্লাহ। এর আগে ইংল্যান্ড সফরে তার পাসপোর্ট না থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দিনশেষে সংবাদ সম্মেলনে রাজাউল্লাহ নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খবরটি পুরোপুরি ভুয়া। তার ভাষায়, ‘পাসপোর্ট নিয়ে যে খবর বেরিয়েছে, সেটি ভুয়া। আমি এক বছর আগেই পাসপোর্ট করেছি।’ ম্যাচে মূল পেসার হিসেবে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৯ নম্বরে নেমে অনন্য এক রেকর্ড গড়েন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। জফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জশ টাংদের মতো গতিশীল পেসারদের শর্ট বলের মুখোমুখি হয়ে টেস্ট অভিষেকে কোনো এক ইনিংসে সর্বোচ্চ ৯টি ছক্কার রেকর্ড গড়েন তিনি। এটি ২০০৮ সালে টিম সাউদির ৯ ছক্কার অর্জনের পাশে জায়গা করে নিয়েছে। শর্ট বল নিজের সবচেয়ে পছন্দের উল্লেখ করে রাজাউল্লাহ বলেন, ‘আমি বেছে বেছে স্লগ করেছি, তবে সব বলই আমার নাগালের মধ্যে ছিল। দেশের হয়ে খেললে ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনার হিসেবে সেঞ্চুরি করার অভিজ্ঞতা থাকলেও পাকিস্তানের বিশেষজ্ঞ ব্যাটারদের ব্যর্থতার মাঝে তার এই সাহসী ইনিংস এজবাস্টনের গ্যালারিকে মুগ্ধ করে। ৪৩ বলে ফিফটি ছোঁয়ার পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে রাজাউল্লাহ বলেন, ‘মানুষ দাঁড়িয়ে আমার জন্য হাততালি দিচ্ছে, পুরো ব্যাপারটা আমি উপভোগ করেছি।

আমি জীবন উপভোগ করতে পছন্দ করি এবং মুহূর্তটি উপভোগ করছিলাম।’
উল্লেখ্য, পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টে বাজেভাবে হেরে যাওয়ার পর দলে যে সাতজন নতুন খেলোয়াড় যুক্ত হন, রাজাউল্লাহ ছিলেন তাদেরই একজন। তার এই ঝোড়ো ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ধুঁকতে থাকা পাকিস্তান ৪৪৯ রান সংগ্রহ করে এবং ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে ১৩০ রানের লড়াই করার মতো লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়।