জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’-এ দীবা চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। দু’টি সিজনেই ছিলেন তিনি। তবে তৃতীয় মৌসুমে থাকছেন না এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন নাদিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাদিয়া লেখেন, ‘বকুলপুর’ ধারাবাহিকের ভক্তদের জন্য সুখবর, আসছে সিজন-৩। কিন্তু আমি ‘দীবা চেয়ারম্যান’ থাকছি না নতুন সিরিজে। নাদিয়া জানান, শুধু তিনি নন, আরও অনেকেই থাকছেন না নতুন মৌসুমে। বদলে গেছেন পরিচালকও। অভিনেত্রী লেখেন, সিজন-১ ও সিজন-২’র পরিচালক কায়সার আহমেদও এই নতুন সিজন-৩’র পরিচালনায় থাকছেন না।
থাকছে না বকুলপুর ধারাবাহিকের প্রায় দেড় হাজার পর্বের অনেক প্রিয় চরিত্র। নতুন চেয়ারম্যানসহ আরও অনেক নতুন চরিত্রে দেখতে পাবেন আপনাদের পছন্দের অভিনেতাদের, সঙ্গে থাকবেন আগের সিজনের কিছু প্রিয় মুখ। সিরিজটি এবার পরিচালনা করছেন হাসান রেজাউল। তিনি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন আশা রেখে নাদিয়া লেখেন, আশা করি আপনাদের থেকে আমরা বকুলপুরের জন্য যে ভালোবাসা পেয়েছি, নতুনরূপে নতুন সিজন, নতুন পরিচালকও সেই ভালোবাসা পাবেন। আমরা পুরনো বকুলপুরবাসী আমাদের ভক্তদের ভালোবাসা ভীষণভাবে মিস করবো। আমি চির কৃতজ্ঞ দীবা চরিত্রকে এত ভালোবাসা দেয়ার জন্য।
