জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবগত করা হয়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস বিস্তারিত জানান প্রধানমন্ত্রীকে। আজ শনিবার জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল পরিদর্শন করেন।
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি এলাকায় আজ থেকে ১,৫০০ সদস্যের সমন্বয়ে ২৪টি দলে বিভক্ত হয়ে ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পরিদর্শন, উৎসস্থল ধ্বংস (সোর্স রিডাকশন) এবং জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম চলছে ।
ডিএনসিসি জানিয়েছে, সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে । এই কার্যক্রমের আওতায় বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিসের সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত হটস্পটসমূহকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এই কার্যক্রমে শুধুমাত্র মশক নিধন নয়, বরং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনে যথাযথ লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
