প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ওজোন পার্কের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
আনোয়ার হোসেন খোকন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের যুক্তরাষ্ট্র সফরকে সাফল্যমণ্ডিত করতে এবং জাতিসংঘে তার ঐতিহাসিক উপস্থিতি স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতি মাকসুদুল হক চৌধুরী তার সমাপনী বক্তব্যে সফরের সকল কর্মসূচি সফল করতে স্বেচ্ছাসেবক দলের পূর্ণ প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দীপু।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর আলমের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা রাশেদ রহমান, হারুন মিয়া, বাদল মির্জা, মিলন, টিপু, কবিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।
