যুক্তরাষ্ট্র-ইসরাইলকে আনোয়ার ইব্রাহিমের কড়া বার্তা

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে আনোয়ার ইব্রাহিমের কড়া বার্তা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সহিংসতার অবসানের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে তিনি বলেছেন, বর্তমান সংঘাত নিয়ে যেকোনো আলোচনা শুরু করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘প্রাথমিক আগ্রাসন’ দিয়ে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, ইরানের সঙ্গে সংঘাতের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা স্বীকার করতে অনেক দেশের অনীহা রয়েছে।

তার মতে, ইরানের হামলার নিন্দা করার পাশাপাশি সংঘাতের সূত্রপাত ঘটানো ঘটনাটিকেও চিহ্নিত করা সম্ভব।

আনোয়ার ইব্রাহিম বলেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক তথাকথিত সংঘাতের কারণ হলো যুক্তরাষ্ট্রের প্রাথমিক আগ্রাসন, অবশ্য এর শুরুটা হয়েছিল ইসরাইলের মাধ্যমে। অনেক দেশই বিষয়টির সত্যতা স্পষ্টভাবে বলতে অনিচ্ছুক। সত্য হলো, এই ধরনের অব্যাহত আগ্রাসন বন্ধ করতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্র- উভয় পক্ষই সর্বোচ্চ দাবিতে অনড় অবস্থান নেয়ায় শান্তিপূর্ণ সমাধান আরও কঠিন হয়ে উঠছে কিনা, এমন প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, আমরা যদি শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে এমন একটি বোঝাপড়া নিশ্চিত করতে পারি, তাহলে সহিংসতা বন্ধ করা গুরুত্বপূর্ণ। কিন্তু এরপর আমাদের ন্যায়বিচারও নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদের অবস্থান হবে ভণ্ডামিপূর্ণ ও পরস্পরবিরোধী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের অবসান শুধু সহিংসতা বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; এর পেছনের কারণ ও ন্যায়বিচারের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।