বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

ফন্ট সাইজ:

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই অধ্যয়ন করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।

শনিবার ঢাকায় রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত স্কুল লিডারস কনফারেন্স ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু বিশ্বের সেরা চর্চাগুলো অনুসরণ করতে চাই না, একদিন বাংলাদেশ থেকেই যেন বিশ্বের অন্য দেশগুলো শিক্ষা ব্যবস্থার সেরা চর্চা অনুসরণ করে, এটাই আমাদের স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় সময়, অর্থ ও কঠোর পরিশ্রমে প্রস্তুত বলেও জানান তিনি।

বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ১৫০টিরও বেশি স্কুল লিডার ও জ্যেষ্ঠ শিক্ষাবিদদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো অক্সফোর্ডএ-কিউ-এ লিডারশিপ কনফারেন্স ২০২৬। ‘এলিভেট ইয়োর স্কুল উইথ অক্সফোর্ডএ-কিউ-এ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে আন্তর্জাতিক শিক্ষার নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সর্বোত্তম চর্চা নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন আন্তর্জাতিক স্কুলের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, গ্লোবাল স্কিলস প্রজেক্ট এবং এক্সটেন্ডেড প্রজেক্ট কোয়ালিফিকেশন (ই-পি-কিউ)-এর মতো অক্সফোর্ডএ-কিউ-এ-এর কিছু স্বতন্ত্র যোগ্যতা প্রকল্পভিত্তিক ও স্বাধীন শিক্ষাকে গুরুত্ব দেয়। এসব উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, যোগাযোগ ও আত্মব্যবস্থাপনার মতো দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে—যেসব সক্ষমতাকে বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতারা ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

বৃটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস জুনায়েদ আহমেদ বলেন, উচ্চমানের পরীক্ষা আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ডগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। বৃটিশ হাইকমিশন ঢাকার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ বলেন, বাংলাদেশে শিক্ষার অগ্রগতি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে আরও বেশি সুযোগ তৈরির মাধ্যমে দীর্ঘদিনের যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় আরও বক্তব্য রাখেন অক্সফোর্ডএ-কিউ-এ-এর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান, অক্সফোর্ডএ-কিউ-এ-এর বাংলাদেশ ও নেপাল কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা প্রমুখ। সম্মেলনে একটি ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা ও সহযোগিতামূলক সংলাপ পর্বও অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া স্কুল লিডাররা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষার মানোন্নয়নে বাস্তবভিত্তিক বিভিন্ন ধারণা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন।