জর্ডানে ৩ মার্কিন সেনা নিহতের নেপথ্যে চীনা স্যাটেলাইট ছবি

ডব্লিউএসজে এক্সক্লুসিভ

জর্ডানে ৩ মার্কিন সেনা নিহতের নেপথ্যে চীনা স্যাটেলাইট ছবি

ফন্ট সাইজ:

জর্ডানে গত জুলাইয়ে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর আগে, চীনা কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল ইরান। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাতে চাঞ্চল্যকর এসব তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)

মার্কিন কর্মকর্তাদের দাবি, এখন পর্যন্ত এটিই সবচেয়ে স্পষ্ট প্রমাণ যে যুদ্ধ চলাকালে ইরানকে দেয়া চীনা সহায়তার সরাসরি প্রাণঘাতী প্রভাব মার্কিন সেনাদের ওপর পড়েছে।

তাদের মতে, উত্তর-পূর্ব জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার সঙ্গে ওই স্যাটেলাইট ছবির যোগসূত্র রয়েছে। তবে কোন কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছে, মার্কিন কর্মকর্তারা তা প্রকাশ করেননি।

গত জুলাইয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের ওই ঘাঁটির একটি আবাসিক এলাকায় আঘাত হানে। তখন সেখানে মার্কিন সেনারা ঘুমাচ্ছিলেন।

হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন। ২৪ ঘণ্টার মধ্যে ঘাঁটিটিতে চালানো তিনটি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে এটি ছিল একটি।

গত এপ্রিল মাসে যুদ্ধবিরতির পর এটিই ছিল মার্কিন সেনা নিহত হওয়ার প্রথম ঘটনা।

মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে আরও জানান, ঘাঁটিতে থাকা মানুষবাহী ও মানবহীন উড়োজাহাজও ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুলাইয়ের হামলার সঙ্গে সংশ্লিষ্ট স্যাটেলাইট ছবির বিষয়টি মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি চীনা কর্মকর্তাদের কাছে উত্থাপন করেন। তবে বেইজিং এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে এ বিষয়ে প্রমাণ দাবি করেছে।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, চীনা কর্মকর্তারা এর আগেও ওয়াশিংটনের উদ্বেগ বারবার নাকচ করেছেন এবং চীনা কোম্পানিগুলো এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল- এমন স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে আগামী ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে ঘটনাটি দুই দেশের সম্পর্কে নতুন করে চাপ তৈরি করতে পারে।