ইয়েমেনের ইরানপন্থি হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সৌদি নেতার সঙ্গে অন্তত দু’বার ফোনে কথা বলেন ট্রাম্প। তবে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা চালানোর বিষয়ে তিনি সম্মতি দেননি। ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য বিনিময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে বলেও সূত্রগুলো জানায়। দুই নেতার মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কি না- এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের সরাসরি জবাব দেয়নি হোয়াইট হাউস। তবে এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, সৌদি আরব ও ইয়েমেন সরকারের সঙ্গে ওয়াশিংটনের ধারাবাহিক যোগাযোগ রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তার মূল জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। যেমন লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও সমাধানে আমাদের আঞ্চলিক অংশীদারদের নেতৃত্ব দেয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে। ফোনালাপ এবং দুই নেতার আলোচনার বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রগুলোর দু’জন জানিয়েছেন।
