খুলনায় পাটশ্রমিককে গুলি করে হত্যা

খুলনায় পাটশ্রমিককে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর দৌলতপুরে মোঃ জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে একটি অফিসের সামনে গুলি করে তাকে হত্যা করা হয়। জলিল দৌলতপুর থানা এলাকার সাধু বাগানের দিলু মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলির বাগান এলাকায় দিলু মুন্সির একটি পানের দোকান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সঙ্গে এক যুবককে নিয়ে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে রওনা হন জলিল। এর কিছুক্ষণ পর তার ফোন বেজে ওঠে। ফোনে তর্কতর্কি হয়। এরপর কুলিরবাগান বটতলা থেকে দুইগজ দূরে যাওয়া মাত্রই একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তির সঙ্গে জলিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনজন যুবকের মধ্যে একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুটি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করে।
কেএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কী কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছি। নতুন কোনো কিছু পাওয়া গেলে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে। এদিকে জলিলের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।