নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।

উদ্ধার মরদেহগুলোর মধ্যে গাজীপুরের কালীগঞ্জের ভঙ্গাল গ্রামের মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার সৌরভ (১৮)। তবে এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইলের মো. শান্ত (২৪)।

এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। পরে বিকালে তারা বাড়ির সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামেন। তবে সাঁতার না জানায় তিনজন নদীতে ডুবে যান। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। কিন্তু কারও খোঁজ পাননি। পরে রাত হয়ে যাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আরেকজনের লাশ উদ্ধার করেন। বাকি আরেকজনকে উদ্ধারে অভিযান চলছে।