কূটনীতির প্রচলিত দৃশ্য বলতে সাধারণত আলোচনার টেবিলে মুখোমুখি বসা নেতাদের বোঝায়। তবে সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দৃশ্য- একই গাড়িতে নেতাদের একসঙ্গে যাত্রা।
এর সর্বশেষ উদাহরণ দেখা গেল নয়াদিল্লিতে। ১১ সদস্যের ব্রিকস সম্মেলনের এক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
বৈঠক শেষে পুতিনের সুরক্ষিত আউরুস সেনাট লিমুজিনে একসঙ্গে করে যাত্রা করেন দুই নেতা।
বৈঠকের পর দুই নেতা দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ইন্নোপ্রম প্রদর্শনীতে যান একই গাড়িতে। রুশ প্রেসিডেন্টের এই লিমুজিনকে প্রায়ই ‘চলন্ত দুর্গ’ বা ‘ফোর্ট্রেস-অন-হুইলস’ বলা হয়।
গাড়িটিই এর আগে শিরোনামে এসেছিল গত বছর চীনে অনুষ্ঠিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সময়। তখনও পুতিনের গাড়িতে মোদিকে সঙ্গে নিয়ে যাত্রা করেছিলেন রুশ প্রেসিডেন্ট।
এ নিয়ে চতুর্থবারের মতো দুই নেতা একসঙ্গে গাড়িতে ভ্রমণ করলেন। এর আগে আরও দুইবার তারা একই গাড়িতে যাত্রা করেছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের এই যৌথ গাড়িযাত্রা ব্রিকস সম্মেলনের আগে ভারত-রাশিয়া সম্পর্কের ঘনিষ্ঠতার আরেকটি প্রতীকী মুহূর্ত হিসেবে সামনে এসেছে।
