হুতিদের দখলে এখন বাব আল-মান্দেব প্রণালি

ফন্ট সাইজ:

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রণালির মাঝখানে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার মধ্যদিয়ে পুরো নৌপথে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা। ইয়েমেনের স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার ময়উন দ্বীপ থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেয়ার পর হুতি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌকা সেখানে পৌঁছায়। এরপর দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় তারা। পেরিম নামেও পরিচিত এই দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি কৌশলগত অবস্থানে রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব উপকূল জুড়ে অবস্থান নিয়েছে। সামরিক যানবাহন নিয়েও তাদের ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

গত সপ্তাহে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে হুতিদের অভিযান শুরুর পর সংঘর্ষে কয়েক শ’ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার। ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে নৌচলাচল কার্যত বন্ধ করে দেয়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে। এ প্রণালি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

ফলে এর নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলে ঝুঁকি আরও বাড়তে পারে। এদিকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের মোখা বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি। শুক্রবার বিমানবন্দরটিতে দুই দফা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। গত সপ্তাহে ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে হুতি যোদ্ধারা। বৃহস্পতিবার তারা লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরও দখলে নেয়।