বরিশালে সমকাল অফিস থেকে সাবেক ব্যুরো চিফের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাবেক ব্যুরো চিফের ঝুলন্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

জাতীয় দৈনিক সমকাল-এর সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পত্রিকাটির বরিশাল ব্যুরো অফিস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলক চ্যাটার্জি কয়েক বছর আগে সমকাল থেকে চাকুরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে আমরা পেয়ারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় আসি। সেখানে সমকাল কার্যালয়ে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। ওই ভবনের দোতলা-তিনতলা মিলিয়ে যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে। ৫৭ বছর বয়সি পুলক চ্যাটার্জি একসময় সমকালের ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের দিকে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে। তারপর থেকে তিনি বেকার ছিলেন। পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও এটা হতে পারে, বলেন তিনি।

ঘটনাস্থলে থাকা পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের বলেন, চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।

বর্তমান ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকতো। তিনি প্রায়ই রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন অফিসে গিয়ে দেখেন ভেতর থেকে তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এ সময় দ্রুত পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করে।