ড্রোন হামলার জেরে মিয়ানমারের বিমানবন্দর বন্ধ

ড্রোন হামলার জেরে মিয়ানমারের বিমানবন্দর বন্ধ

ফন্ট সাইজ:

মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার অভিযোগ করেছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা করেছে।

মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার রাতে তাদের ফেসবুক পেজে জানায়, মান্দালয়ের তাদা-ইউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ ও ১২ সেপ্টেম্বরের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলো কাছাকাছি একটি বিমানবন্দরে স্থানান্তর করা হচ্ছে। এর কারণ হিসেবে ‘অপারেশনাল’ বিষয় উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, নিরাপত্তা বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একটি হামলা প্রতিহত করেছে। সংবাদমাধ্যমটির দাবি, গণতন্ত্রপন্থী এই বিদ্রোহী গোষ্ঠী বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি ‘আত্মঘাতী ড্রোন’ নিক্ষেপ করেছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে সাময়িকভাবে কিছু অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল ব্যাহত হয়। তবে কোনো হতাহতের ঘটনা বা যানবাহন কিংবা বিমানবন্দরের রানওয়ের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা বিমানবন্দরে থাকা সামরিক যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে।