যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রায় ৩ হাজার নিহতকে স্মরণ করেছে দেশটির মানুষ। ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ার একটি মাঠে হামলার ওই ঘটনার ২৫ বছর পরও এর নানা পরিণতি যুক্তরাষ্ট্রে প্রতিধ্বনিত হচ্ছে।
এদিন নিউইয়র্কে লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে নিহতদের স্বজনদের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট যোগ দেন।
অন্যান্য বছরের মতো এবারও স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ২০০১ সালের ওই দিনে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত হানার ভয়াবহ মুহূর্তটি স্মরণ করা হয়েছে।
এর কিছুক্ষণ পর নিহতদের স্বজনেরা ১১ সেপ্টেম্বর প্রাণ হারানো ২ হাজার ৯৭৭ জনের নাম পড়ে শোনাতে শুরু করেন। এর সঙ্গে ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলায় নিহত ছয়জনের নামও পাঠ করা হয়েছে। বিষণ্ন এই নাম পাঠের আনুষ্ঠানিকতা কয়েক ঘণ্টা ধরে চলবে।
তবে এবার প্রথমবারের মতো সপ্তম দফায় নীরবতা পালন করা হবে ২০০১ সালের পর বিষাক্ত ধুলোর কারণে অসুস্থ হয়ে মারা যাওয়া হাজারো মানুষের স্মরণে। হামলার পর কয়েক মাস ধরে ওই বিষাক্ত ধুলো বাতাসে ছড়িয়ে ছিল।
ভার্জিনিয়ার আর্লিংটনে শুক্রবার ভোরে প্রবল বৃষ্টির মধ্যে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা পেন্টাগনের পশ্চিম পাশে একটি মার্কিন পতাকা উত্তোলনের অনুষ্ঠান দেখেন।
৯/১১ হামলায় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৭৭ পেন্টাগনের ওই অংশে আঘাত হেনেছিল। এতে মোট ১৮৪ জন নিহত হন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলেও স্মরণসভা অনুষ্ঠিত হবে। সেখানে ছিনতাই করা চারটি বিমানের একটি ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হয়েছিল। বিমানটি ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। তবে যাত্রীরা সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার চেষ্টা করায় বিমানটি শ্যাঙ্কসভিলে বিধ্বস্ত হয়।
ওই হামলা এমন একটি প্রজন্ম তৈরি করেছে, যারা সরাসরি সেই দিনটি দেখেছে অথবা পরবর্তী সময়ে এর প্রভাবের মধ্যে বড় হয়েছে। ৯/১১ হামলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলেছে।
