বিচার বিভাগ দুর্নীতিমুক্ত ও প্রাঙ্গণ থেকে বস্তি উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর উদ্যোগ নেয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একইসঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবৈধ বস্তি উচ্ছেদ করে আইনজীবীদের বসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নিকট এক মাসের আল্টিমেটাম দেন তিনি। অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। তিনি বলেন, মামলার তদবির, শুনানির তালিকাভুক্তকরণ (কজলিস্ট), ফাইল মুভমেন্ট থেকে শুরু করে আদালতের সর্বক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইনজীবীরা উদ্বিগ্ন। দুর্নীতির বিচার যেখানে সুপ্রিম কোর্টে হওয়ার কথা, সেখানে বিচারপ্রার্থীদের যদি খোদ সুপ্রিম কোর্টেই অর্থ লেনদেন ও অতিরিক্ত তদবির করতে হয়, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগামী এক মাসের মধ্যে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার পাশাপাশি অভিযুক্ত জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, বিগত ১৭ বছরে যেসব বিচারপতির আচরণ রাজনৈতিক ছিল এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের আচরণ খতিয়ে দেখে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পরিবেশ ও আইনজীবীদের আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে বস্তি থাকা অত্যন্ত দুঃখজনক। আগামী এক মাসের মধ্যে এই বস্তি উচ্ছেদ করে সেখানে আইনজীবীদের বসার জন্য স্থায়ী ভবন, কিউবিকল ও হলরুম নির্মাণের উদ্যোগ নিতে হবে; প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সময়ে অস্থায়ী শেড তৈরি করে দিতে হবে।
আসন্ন অবকাশকালীন ছুটির (ভ্যাকেশন) পর আদালত খোলার আগেই মামলার দীর্ঘসূত্রতা দূর করতে আপিল বিভাগে কমপক্ষে তিনটি বেঞ্চ গঠনের দাবি জানানো হয়।