সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার ভোরে তারা মিছিল নিয়ে বের হন। তবে মিছিলের ভিডিও বেলা ১১টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরে অর্ধশতেরও অধিক যুবলীগের নেতাকর্মী মিছিল করছেন। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ভোরে ৫০ থেকে ৬০ জন লোক হায়েস গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ওপর হঠাৎ মিছিলটি বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ বলে সরকারবিরোধী বিভিন্ন সেøাগান দেন। তবে কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে গেছে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলামের মুঠোফোনে কল করলে ফোনটি থানার উপ-পরিদর্শক প্রণয় কুমার প্রামাণিক রিসিভ করেন। ওসি ছুটিতে আছে বলে জানিয়ে তিনি মানবজমিনকে বলেন, ওই ঝটিকা মিছিলের ভিডিও দেখেছি, তবে সেটা এই থানার মহাসড়কে হয়নি।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান মানবজমিনকে বলেন, মিছিলটি কোন স্থানে হয়েছে, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।