প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিললো ২৩ লাখ টাকার ইয়াবা

প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিললো ২৩ লাখ টাকার ইয়াবা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলের কাঠামোর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তার মোটরসাইকেলের সামনে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকার লাগানো ছিল। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছেন— এমন তথ্যের ভিত্তিতে সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। তল্লাশির সময় নুরুল আলমের মোটরসাইকেলটি থামানো হয়। মোটরসাইকেলটির সামনের অংশে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকার দেখতে পায় র‌্যাব সদস্যরা। পরে মোটরসাইকেলটির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে অর্ধেক কাঠামো ও কাঠামোর বাক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। গ্র্রেপ্তার নুরুল আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।