চুরির অপবাদ দিয়ে মারধরে গুরুতর আহত সাজমীর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ৬ই সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাজমীর আড়ংঘাটা থানার তেলিগাতি-বুচিতলা এলাকার রুহুল কুদ্দুসের ছেলে। স্বজনদের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি আড়ংঘাটার বুচিতলা বিল এলাকায় ঘটেছে বলে তারা দাবি করেছেন। নিহতের মা জানান, ঘটনার পর তাকে ফোন করে বলা হয়, তার ছেলে টাকা নিয়েছে। টাকা না দিলে তাকে ছাড়া হবে না বলেও জানানো হয়।
তবে তার দাবি, সাজমীর কোনো টাকা চুরি করেনি। গত এক বছর ধরে ছেলে বিভিন্ন দোকানে কাজ করেছে জানিয়ে তিনি বলেন, সাজমীর ১০ টাকা নিয়েছে এমন কথাও কেউ বলতে পারবে না। নিহতের মামা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, কুয়েটের এক ছাত্র সাজমীরকে তার বাসায় নিয়ে যান। সেখানে চুরির অভিযোগ তুলে ওই ছাত্র বাইরের কয়েকজনকে নিয়ে তাকে ধরে বাসায় নিয়ে যান। পরে লাঠি ও দা দিয়ে তাকে মারধর এবং মাটিতে ফেলে পেটানো হয়। খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, সাজমীরের মৃত্যুর খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ওসি বলেন, কী কারণে সাজমীরের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
