২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিল। এর মধ্যে ১ হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তিত হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী, অকৃতকার্য থেকে পাস করেছেন ৩৩৬ জন এবং ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
এ ছাড়া, সর্বমোট ৪ হাজার ৭৩ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, গত ১০ই আগস্ট এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশিত হয় এবং ১১ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ।
