ভোলার লালমোহন উপজেলায় পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার বিকালে এসআই মো. এরশাদ উকিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলসিকদার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মো. বিল্লাল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট। তিনি ধলীগৌরনগর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের চতলা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। অপরদিকে, একইদিন সন্ধ্যায় এসআই মো. নুরুল আমিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরাকান্দি এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান চালান।
সেখান থেকে মো. জাকির হোসেন (২৮) নামে আরও এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মতিন দেওয়ানের ছেলে।
