বরগুনার আমতলীতে সহপাঠীর কাছ থেকে আখরোট খেয়ে ৭ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে এখন আমতলী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। অভিভাবক সূত্রে জানা গেছে, দিনেরবেলায় বিদ্যালয় ক্লাস এবং রাতে কোচিং চলে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে সময় সপ্তম শ্রেণির কোচিং চলার সময় আবির (১৩) নামের এক ছাত্র তার সহপাঠী ৭ জন ছাত্রীকে আখরোট খেতে দেয়। আখরোট খাওয়ার সঙ্গে সঙ্গে ৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অভিভাবক ও সহপাঠীরা তাৎক্ষণিক ওই শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসে।
অসুস্থরা হলো— সপ্তম শ্রেণির শিক্ষার্থী এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩), মরিয়ম (১৩)। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. সোলাইমানের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ জানান, অসুস্থ হয়ে হাসপাতালে হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। কি কারণে এরকম ঘটনা ঘটেছে তা প্যাথলজিক্যাল পরীক্ষার পরে বলা যাবে।
