সিটি ক্লাবের চিঠিতে জাল স্বাক্ষর, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি আমিনুল হকের

ফন্ট সাইজ:

ঘরোয়া ফুটবল লীগের সূচি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দেয়া ঢাকা সিটি ক্লাবের একটি চিঠিতে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় ক্রীড়াঙ্গনে তোলপাড়। এটিকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২০২৬-২৭ ফুটবল লীগকে সামনে রেখে বাফুফের কাছে সম্প্রতি একটি স্মারকপত্র জমা দেয়া হয়। সেখানে দাবি করা হয়, লীগের সময়সূচি নিয়ে বাফুফের গৃহীত সিদ্ধান্তের বিপক্ষে সিটি ক্লাব প্রস্তাব দিয়েছে। পত্রে সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. মঈনুল হক মঈনের স্বাক্ষর ছিল। তবে সিটি ক্লাব জানিয়েছে, ওই প্রস্তাবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরটি জাল । বিষয়টি সন্দেহজনক ও নেতিবাচকভাবে উপস্থাপিত হওয়ায় ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবি সিটি ক্লাবের। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মিরপুরের ক্লাবটি। জালিয়াতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন বলেন, ‘আমার মতামত না নিয়ে এভাবে স্বাক্ষর করে দেয়া দুঃখজনক। আমরা দুই মাস আগে অনুশীলন শুরু করেছি। দেশের শীর্ষ লীগ বারবার পেছাচ্ছে। আমাদের অনেক টাকা-পয়সা খরচ হয়েছে এরই মধ্যে। খেলা নির্ধারিত সময়েই হওয়া উচিত।’ সিটি ক্লাবের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন আমিনুল হক। জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘যে ক্লাবের চিঠি জাল করে এবং জাল সাইন করে সেই তথ্য দেয়া হয়, এটা আমি মনে করি গুরুতর একটি অপরাধ। এর সঙ্গে যারা জড়িত আছে, অবশ্যই আমি আজকের ভেতরেই তদন্ত কমিটি করে সঠিক তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দেখবো। কেন এই ধরনের জালিয়াতি হয়েছে এবং কারা এর সুযোগ নিলো এই বিষয়গুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেবো।’

অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে কিংবা একজন স্পোর্টস মিনিস্টার হিসেবে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, প্রয়োজনে এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।’

ফুটবলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি দেশের হকির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন আমিনুল হক। হকিতে সম্প্রতি গঠিত নতুন অ্যাডহক কমিটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা হকিতে অনেক ভালো করছে। সেই লক্ষ্য নিয়ে আমরা আশা করি যে হকি লীগটা চালু হবে সেটা শুধু ঢাকা-কেন্দ্রিক না, ভবিষ্যতে বিভিন্ন বিভাগীয় পর্যায়েও যাতে আমরা হকি লীগ করতে পারি, সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে।’