বাইশ গজে বাংলাদেশ ও নেপালকে মুখোমুখি দেখতে চাইছে কাঠমান্ডু। দুই দেশের ক্রীড়া কূটনীতি নতুন উচ্চতায় নিতে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে হিমালয়ের দেশটি। গতকাল সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। সাম্প্রতিক বন্যায় নেপালের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের চমৎকার রাজনৈতিক সম্পর্ক রয়েছে।
তবে সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে আরও অনেক কিছু করার বিশাল সম্ভাবনা রয়েছে।’ ক্রিকেট মাঠে দুই দেশের দীর্ঘদিনের বিরতি ভাঙার তাগিদ দিয়ে ভাণ্ডারী আরও বলেন, ‘সম্প্রতি নেপাল ও বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি। আমাদের জনগণের, বিশেষ করে যারা সাম্প্রতিক দুর্যোগ থেকে ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের অনুপ্রেরণা প্রয়োজন। আমরা বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানাচ্ছি। আমাদের দল বাংলাদেশে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত, অথবা আমরা নেপালে বাংলাদেশকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আনন্দিত হবো।’ নেপালের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আঞ্চলিক সহযোগিতায় ক্রীড়া কূটনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং ইতিমধ্যে বিভিন্ন খেলাধুলায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করছি।’ প্রাথমিক এই আলোচনার পর নেপালকে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনাপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে সিরিজটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। একই সঙ্গে, বাংলাদেশি ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণ ও পর্বতারোহণে নেপালের ভৌগোলিক অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারেও দুইপক্ষ একমত পোষণ করেছে।
