সাফের পর জাতীয় স্টেডিয়ামে হতে পারে ঘরোয়া ফুটবল

ফন্ট সাইজ:

প্রায় পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে ফুটবলের উন্মাদনা। সাফ চ্যাম্পিয়নশিপের পর ঘরোয়া ফুটবল দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত কমপিটিশন কমিটি, প্রকিউরমেন্ট কমিটি ও গ্রাউন্ডস কমিটির এক যৌথ সভা শেষে এ কথা জানান বাফুফে সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ২০২১ সালের সেপ্টেম্বরে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচের পর সংস্কারকাজের জন্য ঐতিহ্যবাহী এই ভেন্যুটিতে ঘরোয়া ফুটবল বন্ধ ছিল।

তবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের পর স্টেডিয়ামটিতে ঘরোয়া ফুটবলের বড় ম্যাচগুলো ফেরানোর জোরালো পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৪ থেকে ১৭ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে স্টেডিয়ামটিকে প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, ‘সাফের পর ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা ঢাকা স্টেডিয়ামে আয়োজনের চিন্তাভাবনা করছি। সেটা হতে পারে ফেডারেশন কাপ ফাইনাল বা লীগের কিছু বড় ম্যাচ।’
এদিকে ঘরোয়া ফুটবলের নতুন ভেন্যু হিসেবে যুক্ত হওয়া চাঁদপুর স্টেডিয়ামের পিচে নতুন ঘাস লাগানোর কাজ প্রায় শেষের পথে। ১৫ই সেপ্টেম্বরের মধ্যে বাফুফের একটি প্রতিনিধিদল মাঠটি পরিদর্শনে যাবে। পাশাপাশি গাজীপুর, বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও মুন্সীগঞ্জ ভেন্যুগুলোও ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে কমপিটিশন কমিটি। অন্যদিকে, আগামী ১৮ ও ২২শে সেপ্টেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী লীগ ও ফেডারেশন কাপের ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিলেও, ১০টি ক্লাবের ৬ দফা দাবি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারবো না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেবো।
আপাতত আগের সূচি অনুযায়ীই লীগ শুরু হবে।’