সীতাকুণ্ডে বোট থেকে ১১১০ বস্তা মালিকবিহীন সার জব্দ

সীতাকুণ্ডে বোট থেকে ১১১০ বস্তা মালিকবিহীন সার জব্দ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটে বোঝাই অবস্থায় মালিকবিহীন ১ হাজার ১১০ বস্তা সার উদ্ধার করেছে কোস্ট গার্ড। পৃথক দুই অভিযানে এসব সার উদ্ধার করা হয়।

কুমিরা কোস্ট গার্ড সূত্র জানায়, গতকাল সকাল ৯টার দিকে কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বোট থেকে ৭০০ বস্তা সার উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে একই এলাকা থেকে আরও ৪১০ বস্তা সার উদ্ধার করা হয়েছিল। তিনদিনের ব্যবধানে পৃথক অভিযানে মোট ১ হাজার ১১০ বস্তা সার উদ্ধার করা হলো। কোস্ট গার্ড জানায়, বিভিন্নভাবে খোঁজ করেও এসব সারের কোনো মালিক পাওয়া যায়নি। পরে উদ্ধার করা সারগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়দের ধারণা, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারগুলো বোটে মজুত করা হয়েছিল। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম মানবজমিনকে জানান, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।