মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ২

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল।

এ সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা বা ৩৫ হাজার কেজি ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাক এবং দুইজন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।