ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানের যুবাদের ঘেরাও

ফন্ট সাইজ:

ইংল্যান্ডে চলমান সফরে মাঠের খেলায় পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পোর্টসমাউথে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও স্টাফদের ঘিরে ধরেছিলেন স্থানীয় একদল বিক্ষোভকারী! বৃটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছেন-এমন গুজবে হোটেলের বাইরে জড়ো হন প্রায় ৪০ জন বিক্ষোভকারী। দলটির সদস্য ও কোচিং স্টাফদের হোটেলে প্রবেশ করতে দেখে তাদের আশ্রয়প্রার্থী মনে করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। দলের কোচের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝির অবসান ঘটান ম্যাডউইক। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে তিনি জানান, হোটেলে অবস্থানরত ব্যক্তিরা কোনো আশ্রয়প্রার্থী নন, বরং পাকিস্তানের একটি ক্রিকেট দল। তার এই হস্তক্ষেপে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিড় সরে যায় এবং বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পান তরুণ পাকিস্তানি ক্রিকেটাররা।

সংবাদমাধ্যমকে স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পোর্টসমাউথে আশ্রয়প্রার্থীদের আগমনকে কেন্দ্র করে সেখানে একধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, যার রেশ ধরেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে যুব দলটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করছে ক্রিকেট বোর্ডটি।
এদিকে মাঠের খেলায় এই ঝামেলার আঁচ খুব একটা পড়তে দেননি যুবারা। আরুন্ডেলে প্রথম চার দিনের ম্যাচে ১০ রানে হারলেও, পোর্টসমাউথেই যুব ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডকে ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে দারুণ শুরু করেছে তারা। বর্তমানে এই সফরে আরও তিনটি যুব ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে।