সোনারগাঁয়ে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফন্ট সাইজ:

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহস্রাধিক দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার পাশে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের মার্কেট, খাবার হোটেল, কাপড়ের দোকান, মিষ্টির দোকান, চায়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারি, ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধ দোকানপাট থাকায় যানজট ও ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষেরও দুর্ভোগ হচ্ছিল। উচ্ছেদের ফলে এখন সড়কের জায়গা কিছুটা ফাঁকা হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবে সড়কের জায়গা দখল করে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। এখন উচ্ছেদ হওয়ায় সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে। তবে উচ্ছেদের পর আবার যেন দখল না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় এক হাজার দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সওজের জায়গা দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ দেয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে।