বাবার মৃত্যুর সংবাদে বাড়ি যাওয়ার পথে ছেলে নিহত পাশাপাশি সমাহিত

বাবার মৃত্যুর সংবাদে বাড়ি যাওয়ার পথে ছেলে নিহত পাশাপাশি সমাহিত

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ জন। বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদারের ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে লালনগর কবরস্থানে দাফন করা হয়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা জসিম উদ্দিন (৮৫)-এর মৃত্যুর সংবাদ পেয়ে মাগুরা থেকে মোটরসাইকেলেযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছেলে নুর আলম জিকু ও তার ভায়রা আকিদুল ইসলাম। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে একটি বালুবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জিকু নিহত হন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকিদুলের বাড়ি মাগুড়ায়।

কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম জানান, কুষ্টিয়া-হ-১৬-৬৬৪৯ সিরিয়ালের মোটরসাইকেলের চালক নুর আলম জিকু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হলে সেখানে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত জিকুর ছোট ভাই রুহুল আমিন ও কবির হোসেন বলেন, বুধবার সন্ধ্যার একটু আগে বার্ধক্যজনিত কারণে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু তার ভাইরাকে সঙ্গে নিয়ে শেষবারের মতো বাবাকে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। এমন মর্মান্তিক ঘটনা যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে বলে কান্নায় ভেঙে পড়েন তারা। এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের এমন করুণ মৃত্যুতে লালনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের পাশাপাশি কবরে একসঙ্গে দাফনের দৃশ্য এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ।