চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় মদের আসর, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় মদের আসর, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চট্টগ্রামে এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার মালিক ও ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকালে বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার কবি দোভাষ লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুস্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)।

সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, মধ্যম গোসাইলডাঙ্গার কবি দোভাষ লেনের একটি বাড়িতে কয়েকজন মাদককারবারি বিদেশি মদ কেনাবেচার জন্য অবস্থান করছেন। পরে ডিবি’র একটি দল ক্রেতা সেজে ওই বাড়িতে যায়। একপর্যায়ে মাদককারবারিরা ডিবি সদস্যদের বাড়িটির নিচতলায় আবু শাকিল সাগরের শয়নকক্ষের সামনে নিয়ে যান। এ সময় ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সাগর পালিয়ে যান। পরে পুস্পেন ব্যানার্জি ও শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দু’জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু শাকিল সাগরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবেও তিনি পরিচিত বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার পুস্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম এবং পলাতক আবু শাকিল সাগরের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।