ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। গত বুধবার রাতে পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার তাদের ছেলে সিয়ামের বিয়ের দিন ধার্য ছিল।
এ উপলক্ষে ওই দম্পতি ঈশ্বরদী শহরে কেনাকাটা করতে আসেন। কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আলহাজ মোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
