ঢাকার ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে একটি অটোচার্জের গ্যারেজ মালিকের ভাইকে জিম্মি করে ৪টি অটোরিকশাসহ ১১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে কর্তব্যরত চার্জিং পয়েন্টের মালিক বিল্লাল হোসেনের ভাই মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা চার্জিং পয়েন্টে চার্জে থাকা ৪টি অটোরিকশা এবং আরও ৬টি অটোরিকশার ব্যাটারি লুটে নিয়ে পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।
মজিবুর বলেন, হঠাৎ একদল অস্ত্রধারী লোক তালা কেটে ভেতরে ঢুকে মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। এ সময় আমার হাত-পা বেঁধে গাড়ি আর ব্যাটারি নিয়ে চলে যায়। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
