অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান গাজীপুরের পুলিশ সুপার

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান গাজীপুরের পুলিশ সুপার

ফন্ট সাইজ:

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল সকালে গাজীপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধের তথ্য গণমাধ্যমে উঠে এলে পুলিশও দ্রুত ব্যবস্থা নেয়ার সুযোগ পায়। তাই যাচাই করা ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন- মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি বা নিরাপত্তাহীনতার মুখে না পড়েন, সে বিষয়েও পুলিশ প্রশাসন সহযোগিতা করবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মোজাম্মেল হোসেন, আমিনুল ইসলাম, লিপি রানী সিনহা এবং জেলার বিভিন্ন এলাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।