সিরাজগঞ্জের তাড়াশে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা। পরে পুলিশ মাহাবুর রহমান পিন্টু (৩০) নামে ওই ছেলেকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে। তাড়াশ পৌরসভার কোহিত এলাকায় এ ঘটনা ঘটে। বাবা নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, পিন্টু দীর্ঘদিন ধরে কাজকর্ম না করে তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। আর টাকা না দিলেই গালাগাল করে। আবার টাকা না দিলে ছেলে ঘরে আগুন দেয়ার হুমকি দেয় বলে দাবি করেন। নুরুল ইসলাম দুঃখপ্রকাশ করে বলেন, গত বুধবার বিকালে পুনরায় টাকা চাওয়ায় তিনি অস্বীকৃতি জানালে পিন্টু লাঠি নিয়ে তার ওপর চড়াও হয়। শুধু তাই নয়, বসতবাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও জামা-কাপড় পুড়িয়ে দেয়।
পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে। তাড়াশ থানার ওসি ইমাম জাফর বলেন, বাবার অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
