চট্টগ্রাম বোর্ডে পুনর্মূল্যায়নে বদলে গেল ৩ হাজার খাতার ফল

ফন্ট সাইজ:

২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন শিক্ষার্থী। একইসঙ্গে ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। পুনর্মূল্যায়নের পর ২ হাজার ৯৭৫টি খাতার নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, মোট ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। তাদের মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এর মধ্যে ২ হাজার ৯৭৫ জনের নম্বর পরিবর্তন হয়েছে। তিনি বলেন, নম্বর পরিবর্তনের ফলে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন এবং ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। তবে নম্বর পরিবর্তন হলেও জিপিএ পরিবর্তন হয়নি ১ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর। আর জিপিএ-৫ থেকে জিপিএ-৫ অবস্থানেই রয়েছেন ১১৫ জনের ফল।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছিলেন ৭৭ হাজার ৪৫৩ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৩৯৮ জন। পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ। পুনর্মূূল্যায়নের পর বোর্ডে পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৪৩ জন। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪৮৮ জন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।