ময়মনসিংহে যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহে যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। শরীরে আগুন ধরিয়ে দেয়ার পর পাশেই পানিতে লাফিয়ে পড়েও নিজেকে বাঁচাতে পারেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়। এরআগে, গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিহত ফরহাদ মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

ফরহাদ হোসেন বেকারদের কর্মসংস্থান দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এছাড়া গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তিনি পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিংসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পিতা আবদুস সাত্তার জানান, তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সম্পৃক্ত ছিল। এসব নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ আবদুস সাত্তারের।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, কী কারণে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।