র‍্যাবের মতো সংগঠন দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন

সংসদে বাবর

র‍্যাবের মতো সংগঠন দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন

ফন্ট সাইজ:

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর। দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে এ ধরনের বাহিনীর কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ তুলে বাবর বলেন, ‘বিরোধীদলের সদস্যরা অতি ইমিডিয়েট যে সমস্যাগুলো, সেটাই দেখতেছেন। গত বিগত ১৫ বছরের দুঃশাসন, প্রতি সরকারের সেটাই উনাদের চোখের সামনে আছে। কিন্তু এর পূর্বে যে অতীত সরকার, যখন বিরোধী দলে ছিলেন উনারা, সেই ট্রাম্প কার্ড তখনকার সময় জলিল সাহেব বলেছিলেন, ১৭ আগস্ট যে সিরিজ বোমা হামলা হয়েছিল, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের ধরা হয়েছিল, চাঁদাবাজ এবং বিভিন্ন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে র‍্যাব কাজ করেছে এবং প্রতিটা সফলতার সময় বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছিল। আমার মনে হয়, সেটা আমাদের সম্মানিত বিরোধীদলের সদস্যরা ভুলে গেছেন।’

তিনি বলেন, ‘র‍্যাবের মতো একটা সংগঠন এই দেশের অত্যন্ত প্রয়োজন। এই কারণে প্রয়োজন অত্যন্ত দক্ষতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে র‍্যাবের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সেই সময়কালে তখনকার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার নির্দেশে এক ঘণ্টার জন্য বিরোধীদলের ওপর কোনো রাজনৈতিকভাবে র‍্যাবকে পরিচালিত করা হয়নি।’

র‍্যাব পরিবর্তনের প্রসঙ্গে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও এ ব্যাপারে বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যখন কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন র‍্যাবকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমি উনার সঙ্গে অনেকক্ষণ আর্গুমেন্ট করেছিলাম যে পরিবর্তন করাটা ঠিক হবে না। পরবর্তীতে আমার সঙ্গে উনার কথা হয়নি। কিন্তু আমি বুঝি, র‍্যাবের মতো একটা সংগঠন দরকার।’

র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাবর বলেন, ‘হয়তো র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে যেটা সংগঠনটা আসছে, সেটা প্রয়োজন। কারণ এখনো বিভিন্ন বোমা হামলা হচ্ছে। বোমা হামলা, বিভিন্ন বোমা আসছে। আপনারা দেখছেন, আমাদের পার্শ্ববর্তী যেকোনো একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং অতীতেও করেছিল। এই কারণে র‍্যাবের মতো একটা সংগঠন প্রয়োজন।’

র‍্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘র‍্যাবের দুষ্কর্মের কথা সেটা তো আমরা... সেটার যদি আপনি বলেন, সবচেয়ে বড় ব্যক্তি মানি, যখন ২৮ মে ২০০৭ সালে ধরে নিয়ে যায়, তখন একটা মিথ্যা অস্ত্র দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। সেই অস্ত্রের সাক্ষী ছিল একজন র‍্যাবের উইং কমান্ডার। সেটাকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই।’

তিনি বলেন, ‘কিন্তু সেই সময় এটার আসল জিনিস হচ্ছে, যিনি আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন বা যে আমাদের সরকার থাকবেন, সেই সরকারপ্রধান বা মন্ত্রী যেখানে কথা দিচ্ছেন যে র‍্যাবকে, মানে এসআরবিকে সেইভাবে পরিচালনা করবেন, সেটার ব্যাপারে আমি বলতে চাই।’