মক্কা চুক্তিতে আপাতত নতুন কোনো দেশকে নেয়া হচ্ছে না: পাকিস্তান

মক্কা চুক্তিতে আপাতত নতুন কোনো দেশকে নেয়া হচ্ছে না: পাকিস্তান

ফন্ট সাইজ:

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এই মুহূর্তে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা জানান।
চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হায়দার বলেন, বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক- এই তিন দেশই মক্কা প্রতিরক্ষা জোটের অংশ। বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শের পাশাপাশি দেশগুলোর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় নেই।
সাজ্জাদ হায়দার বলেন, প্রথমে তিন সদস্যদেশকে চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে- এমন অন্যান্য দেশের জন্য তখন জোটে যোগদানের সুযোগ তৈরি হতে পারে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত হলে তা পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নেবে বলেও জানান তিনি।
পাকিস্তানের এই মুখপাত্র বলেন, বর্তমানে চুক্তি সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ফলে এই পর্যায়ে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি সামনে তোলাও সময়ের আগে হয়ে যায়।