২০২৬ ফিফা বিশ্বকাপের হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে নতুন যাত্রার ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হতে পূর্ণ শক্তির এক তারকাসমৃদ্ধ দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদের ভিনসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনা অধিনায়ক রাফিনহার কাঁধে ভর করে নতুন চক্র শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ২৫ ও ২৯শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ৩রা অক্টোবর কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ভারতের মুখোমুখি হবে তারা। ভেন্যু ও সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যেও বইছে উন্মাদনার ঝড়। ১৯৭৭ সালে পেলে এবং নিউ ইয়র্ক কসমসের ঐতিহাসিক কলকাতা সফরের স্মৃতিবিজড়িত এই বাংলায় ফুটবলের উন্মাদনা যে আকাশছোঁয়া, তা বলাই বাহুল্য।
ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি তারুণ্যের দারুণ এক ভারসাম্য এনেছেন আনচেলত্তি। কাতার ও সাম্প্রতিক হতাশার পর এটি মূলত ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানোর প্রথম বড় পরীক্ষা। তাতে বাদ গেছেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে ১৫জনই। এর ব্যাখ্যায় আনচেলোত্তি বলেন, ‘জাতীয় দলের কৌশলে বড় পরিবর্তন আনার প্রক্রিয়ায় সাহায্য করতেই আমি মারকিনহোস, গাব্রিয়েল (মাগালায়েস), ব্রুনো (গিমারায়েস), রাফিনিয়া এবং ভিনিকে নিয়েছি। ভবিষ্যতের জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণ খেলোয়াড়দের উন্নতির পথ দেখাবে। তার মানে এই নয় যে অন্য খেলোয়াড়দের সুযোগ বন্ধ হয়ে গেল।’
ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: হুগো সউজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার: আর্থার দিয়াস, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালায়েস, জাইর, মার্কিনহোস, মাথেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রাইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, দগলাস লুইস, গাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড: এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লেনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
