সেলিন ডিওনের মতো বিশ্বখ্যাত তারকারও মাঝে মাঝে একটু সহায়তার প্রয়োজন হয়। অন্তত হাত ধরে ওঠার মতো সামান্য সাহায্য হলেও। চলতি সপ্তাহে প্যারিসে গাড়ি থেকে নেমে ভক্তদের অভিবাদন জানিয়ে তাদের উচ্ছ্বসিত করেছেন কানাডীয় এই গায়িকা। তবে দৃশ্যত নিজেরও সামান্য সহায়তার প্রয়োজন ছিল তার। কারণ ভক্তদের চোখের আড়ালে নিচু হয়ে বসে ছিলেন ৫৮ বছর বয়সী গায়িকার একজন দেহরক্ষী। তিনি সেলিনের পিঠে হাত দিয়ে তাকে সহায়তা করছিলেন। সেলিন ডিওনকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। তার পরনে ছিল বোতেগা ভেনেতার ২ হাজার ৫৯০ পাউন্ড দামের চারকোল রঙের উলের মিডি পোশাক। কোমরের কাছে বাদামি চামড়ার বেল্ট দিয়ে পোশাকটির নাটকীয় ড্রেপিং আটকে রাখা হয়েছিল। সঙ্গে ছিল বড় আকারের সানগ্লাস, লম্বা বাদামি চামড়ার গ্লাভস, হিলযুক্ত হাঁটু-উঁচু বুট এবং কালো হ্যান্ডব্যাগ।
এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল লিখেছে, পাঁচ সপ্তাহের একটি কনসার্ট আয়োজনের আগে বর্তমানে ফরাসি রাজধানীতে অবস্থান করছেন এই গায়িকা। ২০২৩ সালে ‘কারেজ’ বিশ্ব সফরের বাকি অংশ বাতিল করতে বাধ্য হওয়ার পর এটিই তার প্রথম ধারাবাহিক কনসার্ট আয়োজন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, তার ‘স্টিফ পারসন সিনড্রোম’ বা এসপিএস ধরা পড়েছে। এই রোগে শরীরের পেশি শক্ত হয়ে যায় এবং বেদনাদায়ক খিঁচুনি দেখা দিতে পারে। রোগটি সবচেয়ে তীব্র অবস্থায় পৌঁছালে তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। এমনকি আগের মতো নিজের কণ্ঠ ব্যবহার করে গান গাওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল।
তবে রোগ শনাক্ত হওয়ার চার বছর পর ‘মাই হার্ট উইল গো অন’-এর এই তারকা জানিয়েছেন, মঞ্চে ফেরার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। এর আগে তিনি জানিয়েছিলেন, সপ্তাহে তিন দিন ৯০ মিনিট করে পিলাটিস অনুশীলন করছেন। পাশাপাশি সপ্তাহে দুইবার ব্যালে ক্লাস, শারীরিক ও কণ্ঠস্বরের থেরাপি এবং ইমিউনোথেরাপিও নিচ্ছেন। অবশেষে আবার সফরে বের হওয়ার বিষয়ে ‘হারপার্স বাজার’-কে তিনি বলেছেন, অনেক দীর্ঘ সময় হয়ে গেছে। তাদের এমন কিছু দিতে চাই, যাতে বোঝাতে পারি আমি তাদের কতটা মিস করেছি। এর আগে সর্বশেষ মঞ্চে গান গেয়েছিলেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে। এর আগের বছরই তাকে ‘কারেজ’ বিশ্ব সফর বাতিল করতে হয়েছিল।
