জনপ্রিয় বৃটিশ অভিনেতা ও নির্মাতা নোয়েল ক্লার্ক। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ভয়োরিজমসহ (গোপনে দৃশ্য ধারণ) ছয়টি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। পাঁচ নারীর করা অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানায়, ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে পাঁচ নারীর সঙ্গে এসব যৌন অসদাচরণের ঘটনা ঘটে। ‘ডক্টর হু’ খ্যাত এই অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে দুটি যৌন নিপীড়ন, তিনটি ভয়োরিজম এবং একটি অশালীনভাবে শরীর প্রদর্শনের এক্সপোজার অভিযোগ রয়েছে। আগামী ২১ অক্টোবর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে নোয়েল ক্লার্ককে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এক দীর্ঘ তদন্তের পর এই অভিযোগগুলো গঠন করা হলো।
লন্ডন পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট মাইক ক্যাগনি জানান, ভুক্তভোগী নারীদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা দেয়া হচ্ছে। তিনি যৌন নিপীড়নের শিকার যেকোনো ব্যক্তিকে পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন। ৫০ বছর বয়সী নোয়েল ক্লার্ক ‘ডক্টর হু’ সিরিজে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত। এছাড়া তিনি ‘কিডাল্টহুড’ চলচ্চিত্রটি রচনা ও এতে অভিনয়ের জন্যও খ্যাতি লাভ করেন, যেখানে লন্ডনের তরুণ প্রজন্মের মধ্যে বুলিং, মাদকাসক্তি ও চরম সহিংসতার বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।
