জেলেনস্কির বিমানকে প্রায় আঘাত করেছিল ড্রোন

জেলেনস্কির বিমানকে প্রায় আঘাত করেছিল ড্রোন

ফন্ট সাইজ:

মঙ্গলবার মলদোভা থেকে নরওয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানটির যাত্রা বিলম্বিত হয়। একটি ড্রোনের সতর্কতার পর সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়া হয়। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় তা একটি ড্রোনের প্রায় আঘাতের শিকার হয়েছিল।

বুধবার নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে’কে স্টোরে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের ঠিক আগে তার বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতের শিকার হয়েছিল। তবে তথ্যটির উৎস তিনি জানাননি। ড্রোনটি বিমানটির কতটা কাছে এসেছিল, সে বিষয়েও তিনি কোনো তথ্য দেননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মলদোভা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির আকাশসীমা বন্ধ থাকায় জেলেনস্কির বিমান ছাড়তে দেরি হয়।

এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, একটি রুশ ড্রোন মলদোভার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর জেলেনস্কির বিমানকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়। মঙ্গলবার দুটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে। এতে রাজধানী চিসিনাউয়ের বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাজধানীর উদ্দেশে আসা কয়েকটি ফ্লাইটকে মলদোভার বাইরের বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় অথবা আকাশে অপেক্ষমাণ অবস্থায় রাখা হয়।