সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দুপুর সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডস্থ টুকুর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের পাশে থাকা গ্যাস লাইনের রাইজারে বিকট শব্দে আগুন ধরে যায়। পরে বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম দ্রুত জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের লোকজন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনটি মেরামত করেন। বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, দুপুরে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ দেখি গ্যাস লাইনের রাইজারে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, হঠাৎ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে আতংকিত হয়ে পড়েছিলাম। পরে ফায়ার সার্ভিসের লোকজন এলে স্বস্তি মেলে। প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম নামে এক রিকশাচালক বলেন, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। ওই সময় গোশালা থেকে একজন যাত্রী নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলাম। কিন্তু মন্ত্রীর বাড়ির কাছে গিয়ে দেখি বেশ কয়েকজন আগুন নেভানোর জন্য দৌড়াদৌড়ি করছে। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে এসেছে।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোস্তফা নোমান আলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মন্ত্রীর সঙ্গে ঢাকায় রয়েছি। পরে মুঠোফোনে জেনেছি বজ্রপাতে বাড়ির গেটের পাশে থাকা গ্যাস লাইনে হঠাৎ আগুন লেগেছিল। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম মানবজমিনকে জানান, বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ১৫ মিনিটে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান মানবজমিনকে বলেন, বজ্রপাত থেকে মন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে শুধু গ্যাস লাইনের রাইজার ক্ষতিগ্রস্ত হয়েছে।
