মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামে মধুমতি নদীর পার্শ্ববর্তী ইটভাটা রক্ষা বাঁধ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। এর ফলে বাঁধ সংলগ্ন ‘মেসার্স বিশ্বাস ব্রিকস’ এলাকায় চাষ করা স্থানীয় চাষি রাজু আহম্মেদের প্রায় ১০ বিঘা জমির পাকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিকার ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকালে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে মধুমতি নদীর পার্শ্ববর্তী ইটভাটা ও ফসল রক্ষার্থে দেওয়া বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তের মধ্যে নদীর প্রবল স্রোত বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে প্রবেশ করে। ধান কাটার ঠিক আগমুহূর্তে চোখের পলকে ফসল তলিয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি রাজু আহম্মেদ। ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহম্মেদ জানান, অনেক ধার-দেনা এবং কঠোর পরিশ্রমে এই ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার ঠিক পূর্বমুহূর্তে দুর্বৃত্তদের এই নাশকতামূলক কর্মকাণ্ডে তার সব স্বপ্ন পানিতে ভেসে গেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। এদিকে বাঁধ কেটে দেয়ার খবর পেয়ে বাগবাড়িয়া গ্রামের শত শত ক্ষুব্ধ বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। এবং ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এটি কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং একটি বড় ষড়যন্ত্র। বাঁধের ওই অংশ দ্রুত মেরামত করা না হলে পুরো বাগবাড়িয়া গ্রামসহ আশপাশের ঘরবাড়ি মধুমতির ভাঙন ও প্লাবনের কবলে পড়তে পারে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, বুধবার সকালে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
