চোরাচালান ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস

ফন্ট সাইজ:

দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ হওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার পণ্য ধ্বংস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া শেষে এসব পণ্য ধ্বংস করা হয়। বুধবার দুপুরে হিলির জালালপুরে গোহারা শ্মশান সংলগ্ন ময়লার ডিপোতে এসব পণ্য বিনষ্ট করা হয়। ধ্বংস করা পণ্যের তালিকায় ছিল ব্যবহারের অনুপযোগী খাদ্যদ্রব্য, বিভিন্ন তামাকজাত পণ্য ও প্রসাধন সামগ্রী। জিআরভুক্ত এসব পণ্যের আনুমানিক পরিমাণ প্রায় ১.৫ টন, যার আনুমানিক বাজারমূল্য অন্তত ১০ লাখ টাকা। রোলার ও এক্সকাভেটর দিয়ে পণ্যগুলো পিষে ব্যবহারের অনুপযোগী করার পর স্বাস্থ্যবিধি মেনে গর্ত করে মাটি চাপা দেয়া হয়।

এ সময় সেখানে ধ্বংস কমিটির আহ্বায়ক রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, সদস্য সচিব হিলি স্থল কাস্টমসের উপ কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি) মেহেদি ইমাম, বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান জানান, যেসব পণ্য ধ্বংস করা হলো সেগুলো মূলত মেয়াদোত্তীর্ণ, চোরাচালান, নিলামে বিক্রি না হওয়া পণ্য। এটি তাদের চলমান কার্যক্রম, পর্যায়ক্রমে আরও পণ্য ধ্বংস করা হবে।