সিলেটে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১১টায় সিলেট রেলস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের।
তারা দু’জনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। এ সময় অভিযানে সহযোগিতা করেন- রেলওয়ে থানা পুলিশ, মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।
প্রশাসন জানায়, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কালোবাজারির সক্রিয় দুই জনকে আটক করা হয়। তারা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্নস্থানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তাদের কাছে থাকা টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।
