ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন ছাড়া এডহক কমিটি হাইকোর্টের রুল

ফন্ট সাইজ:

রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পর পর ৩ বার নির্বাচন ছাড়া গঠিত এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, প্রতিষ্ঠানটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে হবে। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য ছয় মাসের মেয়াদে এডহক কমিটি গঠন করে কর্তৃপক্ষ গত ২৬শে জুলাই একটি নথি জারি করে। নির্বাচন না দিয়ে এভাবে এডহক কমিটি গঠন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং এর কোনো আইনগত কার্যকারিতা নেই-এমন দাবি করা হয়েছে রিটে। রিটকারী আইনজীবী জানান, আইন অনুসারে এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতে, ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় এডহক কমিটি গঠন করা যাবে। তবে তা দুইবারের বেশি নয়। কিন্তু ইসমাইল জবিউল্লাহ’র নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান এডহক কমিটি এ নিয়ে টানা তৃৃতীয়বারের মতো দায়িত্বে আছেন। আদালত এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন, ওই এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একইসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি গঠনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।